চীফ রিপোর্টার আজিজুল হক 

করিমগঞ্জ-তাড়াইলের সম্মানিত জনগণের উদ্দেশে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেন, জনগণের আন্তরিক সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি এলাকার সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তাই তার প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রাখতে তিনি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের কল্যাণে এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আইন প্রণয়ন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখা। স্থানীয় প্রশাসনের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করা সংসদ সদস্যের কাজ নয়—এ কথাও তিনি স্পষ্টভাবে তুলে ধরেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি বাদশাহ কর্তৃক উপহার হিসেবে প্রেরিত খেজুর বিতরণ নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হওয়ায় তিনি বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তার সংসদীয় এলাকার করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই খেজুর ৯ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে জনমনে যে প্রশ্ন বা সংশয় তৈরি হয়েছিল তা এখন দূর হয়েছে। একই সঙ্গে জনগণের সচেতনতা ও জবাবদিহিতা প্রত্যাশার এই মনোভাবকে তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন।

সবশেষে তিনি করিমগঞ্জ-তাড়াইলবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।