কুষ্টিয়ার দৌলতপুরে সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উপজেলার তারাগুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা খাতুন উপজেলার হোসেনাবাদ গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডায়াবেটিসে আক্রান্ত মর্জিনা খাতুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। তিনি কুষ্টিয়া-প্রাগপুর সড়ক ধরে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনায় আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।




