সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চলমান কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা।
সংগঠনের সভাপতি ফজলে করিম মোঃ নাজমুজ্জামান এবং সাধারণ সম্পাদক আজিজুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, হাসপাতালকেন্দ্রিক এই সিন্ডিকেট ও দালালদের অপতৎপরতার কারণে সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায়, রোগীদের বিভ্রান্ত করা এবং অনৈতিক সুবিধা গ্রহণের মতো কর্মকাণ্ড মানবিক মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। সম্প্রতি বাবার কোলে সন্তানের মৃত্যু—এমন হৃদয়বিদারক ঘটনা সমাজের বিবেককে নাড়া দিয়েছে।
নেতৃবৃন্দ এই অমানবিক পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধ এবং হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি, এসব অপকর্মের সাথে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
তারা মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, কিশোরগঞ্জবাসীকে এই সিন্ডিকেট ও দালাল চক্রের কবল থেকে মুক্ত করতে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে জেলার হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
মানবতার স্বার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা।




