বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ৩১ শে মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হবে। উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করবেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জনাব মো. বেলাল হোসেন। জানা গেছে, পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা, দালালচক্র বা প্রতারক মহলের হাত থেকে প্রার্থী ও অভিভাবকদের রক্ষা করা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য এবং নিয়মাবলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। রুহিয়া থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় রুহিয়া থানার সকল পুলিশ সদস্য এবং কনস্টেবল পদে নিয়োগে আগ্রহী প্রার্থী ও তাদের অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রতারণার ফাঁদে না পড়ে শুধুমাত্র মেধা ও শারীরিক যোগ্যতার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করাই এই সভার মূল উদ্দেশ্য।