সিউল (দক্ষিণ কোরিয়া): দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণের লক্ষ্যে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূতের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছে দেশটির জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাউথ কোরিয়া’-এর একটি প্রতিনিধি দল।
জানা যায়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বর্তমান অবস্থা, কর্মক্ষেত্রের নানা সমস্যা, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের চলমান চ্যালেঞ্জগুলো মান্যবর রাষ্ট্রদূতের সামনে সবিস্তারে তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা নিরসনে দূতাবাসের সার্বিক সহযোগিতা ও কার্যকর সমাধানের বিষয়ে দিকনির্দেশনা কামনা করেন তারা।
গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাতে ‘ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাউথ কোরিয়া’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
- আল আমিন ইসলাম – সভাপতি
- মো. পনিরুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি
- আকন মিলন – সাংগঠনিক সম্পাদক
- মোতালেব সরদার – ক্রীড়া সম্পাদক
বৈঠক শেষে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ দূতাবাসের সাথে আজকের এই ফলপ্রসূ আলোচনা ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের কল্যাণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় পাশে থাকবে জানিয়ে আগামী দিনগুলোতে প্রবাসীদের কল্যাণে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।




