বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য ও চিরস্মরণীয় নাম জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের ঘোরতর দুঃসময়ে যখন এদেশের মানুষ স্বাধীনতার জন্য লড়ছে, তখন বিশ্বমঞ্চে তাদের পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন এই প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী। আজ এই মহান শিল্পীর জন্মবার্ষিকীতে গোটা বাঙালি জাতি তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৭১ সালে বাঙালি যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার শিকার, তখন পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত হয়েছিল ঐতিহাসিক ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এই যুগান্তকারী কনসার্টের মূল আয়োজক ও প্রাণপুরুষ ছিলেন জর্জ হ্যারিসন।

প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে সেদিনের সেই কনসার্টটি বাংলাদেশের পক্ষে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। অনুষ্ঠানে জর্জ হ্যারিসন নিজের লেখা ও সুর করা বিখ্যাত ‘বাংলাদেশ’ (Bangladesh) গানটি পরিবেশন করেন। তাঁর সেই মর্মস্পর্শী পরিবেশনা উপস্থিত দর্শকসহ গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এবং বাংলাদেশের মানুষের আর্তনাদ বিশ্ববিবেকের কাছে পৌঁছে দেয়।

এই ঐতিহাসিক কনসার্ট থেকে সংগৃহীত বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতে আশ্রয় নেওয়া লাখো অসহায় শরণার্থীর চিকিৎসাও সহায়তায় দান করা হয়।

কেবল আর্থিক সহায়তাই নয়, বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনে জর্জ হ্যারিসনের এই উদ্যোগ ছিল একটি মাইলফলক। বিপদের দিনে বাংলাদেশের মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ অবদান এদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।