ডেস্ক রিপোর্ট | দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটি দাবিও এখনো বাস্তবায়ন হয়নি—এ অভিযোগ তুলে নতুন কর্মসূচি ও দাবি উপস্থাপনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকেও দাবিগুলোর বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। পাশাপাশি সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সেসব সংস্থা থেকে ‘হাসিনার চর’ হিসেবে চিহ্নিতদের গ্রেফতার—এই দাবিগুলোর ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই বলে তারা অভিযোগ করেন। নেতাদের অভিযোগে আরও বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা শহীদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর। এই প্রেক্ষাপটে আগামীর কর্মসূচি ও নতুন দাবি জনসমক্ষে তুলে ধরতে ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে। তারিখ: ২২ ডিসেম্বর, সোমবার,সময়: দুপুর ১২টা।স্থান: শহীদ হাদি চত্বর, শাহবাগ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, উক্ত সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা, দাবির অগ্রগতি না হওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে।