ডেস্ক রিপোর্ট  মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ জানান, সময়সূচি ও আনুষঙ্গিক কারণে সূর্যাস্তের আগেই স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়নি। এরপর নির্ধারিত সময়েই দলটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।