রাজধানীতে নবনিযুক্ত রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কুষ্টিয়া জেলার উন্নয়ন ও রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ইফতারের পর ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কুষ্টিয়া জেলার অবকাঠামোগত উন্নয়ন, রেলসেবার সম্প্রসারণ এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা হয়। বিশেষ করে শহরের যানজট নিরসন, পুরোনো রেললাইন প্রতিস্থাপন এবং রেলস্টেশন আধুনিকায়নের বিষয় গুরুত্ব পায় আলোচনায়।
সাক্ষাৎ শেষে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজনৈতিক ফলাফলের বাইরে গিয়ে এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।
এ সময় রেলমন্ত্রী সারাদেশে ধাপে ধাপে রেলসেবার মান উন্নয়ন এবং জেলা পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। কুষ্টিয়াকেও সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
