চিফ, রিপোর্টার আজিজুল হক
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমনে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুভেচ্ছা জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি অনেক পুরোনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে খোঁজখবর নেন, যা উপস্থিতদের মধ্যে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি করে।
কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশিত বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।




