কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় এখন কেউ অনিয়ম বা দুই নম্বরি করতে চাইলে তার নাম ব্যবহার করার কথাও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরি করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করেন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে আমি দেখব বিষয়টা।”

এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ স্থানীয় মানুষের আবেগ ও প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে মেডিকেল কলেজে সীমিতসংখ্যক বিভাগ চালু থাকলেও খুব শিগগিরই নতুন অগ্রগতির খবর আসবে।

তিনি আরও বলেন, “এই মেডিকেলের মাত্র কয়েকটি বিভাগ চালু হয়েছে। তবে আগামী সাত দিনের মধ্যেই আপনারা একটি সুখবর পাবেন।”

মতবিনিময় সভায় মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা সেবার মান বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।