স্টাফ রিপোর্টার মোঃ মোনাহার মিয়া বকশীগঞ্জ জামালপুর ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জামালপুরের বকশীগঞ্জ। শনিবার দুপুরে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে বকশীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা ও বটতলা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে সাময়িক দুর্ভোগ পোহাতে হয়। অবরোধ চলাকালে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসাইন, শহিদুল ইসলাম সানী, বায়জিদ আলামিন, সা’দ আহমেদ রাজু, লাদেন আকন্দ ও খন্দকার কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা হামলাটিকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উসমান হাদীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বকশীগঞ্জসহ সারা দেশে বৃহত্তর আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এর পরপরই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।