কিশোরগঞ্জ-১: বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীর মনোনয়নপত্র দাখিল

সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোহাম্মদ নাজমুজ্জামন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–১ (সদর ও হোসেনপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হেদায়াতুল্লাহ হাদী।
আজ তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় জানানো হয়, মূলত দ্বীনি আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণের রাজনীতিকে সমুন্নত রাখার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। কিশোরগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায় এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে তিনি কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে সমর্থকরা প্রার্থীর সফলতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


