দৌলতপুর মডেল মসজিদে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মডেল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে বীরের বেশে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং তাঁর ও তাঁর পরিবারের উত্তরোত্তর সাফল্য ও নিরাপত্তা কামনা করা হয়।
দোয়া শেষে ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশ আজ এক নতুন ভোরের অপেক্ষায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


