নীলফামারী-১ আসনে "গাভী" প্রতীক নিয়ে লড়তে পারেন জেবেল রহমান গানি

নাঈম ইসলাম, জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এই আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর চেয়ারম্যান জেবেল রহমান গানি দলীয় প্রতীক "গাভী" নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ও প্রচারণায় এমন আভাস পাওয়া যাচ্ছে।
জেবেল রহমান গানি দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তিনি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম শফিকুল গানি স্বপন-এর জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক সিনিয়র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মশিউর রহমান (যাদু মিয়া)-এর নাতি।
পারিবারিক এই রাজনৈতিক উত্তরাধিকারের কারণে এলাকায় জেবেল রহমান গানির একটি বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। ডোমার ও ডিমলা উপজেলার সাধারণ মানুষের মধ্যে তাঁর পরিবারের দীর্ঘদিনের প্রভাব ও অবদানের কথা মাথায় রেখে স্থানীয় ন্যাপ নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


