সিলেট | নিজস্ব প্রতিবেদক

 সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনিরুল ইসলামকে এক নারী বন্দিকে নিয়ে কারাগারের বাইরে একটি হোটেলে রাতযাপন এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ২০২৫ রাতে ডেপুটি জেলার মো. মনিরুল ইসলাম কারাগারের বন্দি তালিকাভুক্ত এক নারীকে নিয়ে সিলেট মহানগরের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয়। অভিযোগটি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কারা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ ঘটনার পর সিলেট কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কারা প্রশাসনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন। এ বিষয়ে কারা অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।