বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
নতুন দৃষ্টি
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
করিমগঞ্জ উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে তাওহিদা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কিরাটন দক্ষিণ বিলপাড়া গ্রামের হরমুজ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদা ওই গ্রামের অটোরিকশা (সিএনজি) চালক আবুল বাশার ও জেসমিন আক্তারের কন্যা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা জেসমিন আক্তার বাড়িতে নিজেদের গাভীর দুধ পরিমাপ করছিলেন। এ সুযোগে সবার অজান্তে শিশুটি বাড়ির পেছনে নলকূপের কাছে চলে যায়। সেখানে রাখা পানিভর্তি একটি বালতিতে পড়ে গিয়ে সে ডুবে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নলকূপের পাশে বালতির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাওহিদাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মা জেসমিন আক্তারের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, এমন দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশে পানিভর্তি বালতি বা খোলা পানির উৎসে আরও সতর্কতা প্রয়োজন। সংশ্লিষ্টরা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন।


