বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সৌরভকে ‘মিথ্যা’ অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদ; ফুলবাড়ী ওসির অপসারণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী জিরো পয়েন্ট

মো:খুরশিদুল হক
ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু সৈনিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পরিকল্পিতভাবে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন চলছে ফুলবাড়ী জিরো পয়েন্টে।
জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো ছাত্রনেতা শাহজালাল হোসেন সৌরভকে গতকাল ১৫ জানুয়ারি সম্পূর্ণ অন্যায়ভাবে ও মিথ্যা পরিচয়ে আটক করার প্রতিবাদে ফুঁসে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী। আজ শুক্রবার বিকেল ৩টায় ফুলবাড়ী জিরো পয়েন্টে আয়োজিত বিশাল মানববন্ধনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযোগ করেন, সৌরভকে সামাজিকভাবে হেয় করতে এবং বিপ্লবের শক্তিকে দমন করতে পুলিশ তাকে ‘ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দিয়ে গ্রেফতার দেখিয়েছে।
মানববন্ধনে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “যিনি জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে বুক পেতে দিয়েছিলেন, আজ তাকেই স্বৈরাচারের দোসর সাজিয়ে আটক করা হয়েছে। এটি জুলাই অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের চরম অপমান।” তারা দাবি করেন, বর্তমান ওসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
বিক্ষোভ সমাবেশ থেকে তাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহজালাল হোসেন সৌরভকে সসম্মানে নিঃশর্ত মুক্তি দিতে হবে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সকল কাল্পনিক ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। বিপ্লবী ছাত্রদের হয়রানি করার দায়ে ফুলবাড়ী থানার ওসির অনতিবিলম্বে অপসারণ নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে সৌরভকে মুক্তি দেওয়া না হয় এবং ওসির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয়, তবে পুরো কুড়িগ্রাম জেলা অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


