ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদ দাসপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবা (৮)–কে ধর্ষণ করে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। গতকাল রাতে বাড়ির পাশেই নির্মমভাবে তাকে নির্যাতনের পর হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবার ও স্থানীয়রা জানান, এমন নিষ্ঠুরতার কোনো ব্যাখ্যা হতে পারে না, শিশুটির কোনো অপরাধ ছিল না—তবু তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। স্থানীয়দের অভিযোগ, নিজের গ্রামেই এ ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটায় তারা বাকরুদ্ধ ও আতঙ্কিত। দ্রুততম সময়ে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



