ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে মনোনয়নপত্র জমা: ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

রেদওয়ান, উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন, ভোলা।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) সংসদীয় আসনে ভোটাধিকার হরণ, দুঃশাসন ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে গণমানুষের পক্ষে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা শেষে চরফ্যাশনের ঐতিহ্যবাহী কাসমল মসজিদে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিলাদ শেষে অন্যায়-অবিচার ও দমন-পীড়নের অবসান এবং জনগণের বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে গণমাধ্যমের সামনে কঠোর ভাষায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন,
“চরফ্যাশন–মনপুরার মানুষ বছরের পর বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। উন্নয়নের নামে লুটপাট, দমন ও মিথ্যার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এই জনপদের মানুষের অধিকার আদায়ে আপসহীন লড়াই চালিয়ে যাব। জনগণের রায় ছিনিয়ে নেওয়া হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, অবাধ নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে প্রস্তুত রয়েছে এবং জনগণই হবে এই আন্দোলনের মূল শক্তি।
এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন হচ্ছেন চরফ্যাশন–মনপুরার নির্যাতিত ও বঞ্চিত মানুষের প্রকৃত প্রতিনিধি। গণআন্দোলন ও জনসমর্থনের মাধ্যমে এই আসনে জনগণের বিজয় নিশ্চিত করা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


