রাজবাড়িতে ২৭ আলেমের জামিন না হওয়ার অভিযোগ, আদালতে শুনানি না নেওয়ার দাবি
নতুন দৃষ্টিরাজবাড়ি প্রতিনিধি:
রাজবাড়ি জেলায় একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া অন্তত ২৭ জন আলেম ও দ্বীনদার ব্যক্তি দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকলেও তাদের জামিন হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। পাশাপাশি, সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি আদালতে নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ করছেন তাদের পরিবার ও স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, আটক আলেমদের অনেকেই নিজ নিজ এলাকায় ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কাজে সম্পৃক্ত ছিলেন। পরিবারগুলোর দাবি, তারা নির্দোষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। এতে করে তাদের পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে।
কারাবন্দিদের স্বজনদের ভাষ্যমতে, “দীর্ঘদিন ধরে আমাদের প্রিয়জনরা জেলে আছেন। জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হচ্ছে না, এমনকি অনেক ক্ষেত্রে মামলার শুনানিও গ্রহণ করা হচ্ছে না। আমরা আইনি ও মানবিক সহায়তার জন্য দ্বারে দ্বারে ঘুরছি।”
এদিকে, বন্দিদের অনুপস্থিতিতে তাদের পরিবারগুলো চরম অর্থনৈতিক ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।
স্থানীয় সচেতন মহল ও ধর্মপ্রাণ মুসলমানদের একাংশ প্রশ্ন তুলেছেন—দেশে কি মানবাধিকার রক্ষার কেউ নেই? রাজবাড়ির এই আলেমদের আইনি সহায়তায় কি কেউ এগিয়ে আসবেন না? নিরীহ মানুষগুলো কি এভাবেই বিচার ছাড়াই দীর্ঘদিন কারাভোগ করবেন?
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ন্যায়বিচার, নিয়মিত শুনানি এবং ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তারা।


