চীফ রিপোর্টার আজিজুল হক
—আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। আলমগীর হোসাইন তালুকদারের মনোনয়নপত্র ক্রয়ের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিক রূপ পায়।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামালসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ভোটার।
মনোনয়নপত্র ক্রয়ের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তির নয়—এটি ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের আমানত রক্ষা করতে আমি আল্লাহর ওপর ভরসা করে এই পথে নেমেছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি আপসহীন থাকবেন।নেতাকর্মীরা এ সময় হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, জনআকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে হাতপাখা। সাধারণ মানুষের আশা-ভরসা নিয়েই এই প্রতীক এগিয়ে যাবে বিজয়ের পথে। মনোনয়নপত্র ক্রয়ের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।