পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে কুষ্টিয়া পৌর বাজারে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি বাজারের বিভিন্ন অংশ ঘুরে সরেজমিনে পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও সংরক্ষণ ব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে চাল, ডাল, ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক বিভিন্ন পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। এ সময় কয়েকটি দোকানের স্টক রেজিস্টার ও ক্রয় ভাউচার পরীক্ষা করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। রমজানকে কেন্দ্র করে কেউ অতিমুনাফা বা মজুদদারির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন আকস্মিক উপস্থিতিতে বাজারে থাকা সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।



