কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।
পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্য এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন। সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সেবার মান বৃদ্ধি এবং কার্যক্রমে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
বক্তারা পৌরসভার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় সমন্বয় কমিটির সদস্যরা পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সকাল ১১টায় শুরু হওয়া সভায় পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।



