সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বর্তমানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কর্মরত নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, যশোরের মনিরামপুরে কর্মরত থাকাকালে কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা (নং-১৮/২০২৫) দায়ের করা হয়। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ভ্যাট ও ট্যাক্সের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসে। অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থ রক্ষার্থে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন বলে সিদ্ধান্ত নেয় কমিশন।সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনসম্মত সুবিধা পাবেন। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।