সিনিয়র রিপোর্টার। ফজলে করীম মোহাম্মদ নাজমুজ্জামান সম্প্রীতির বার্তা ও জনসংযোগে ব্যস্ত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী শ্মশান কালী পূজা উপলক্ষে আজ শিক্ষক পল্লী পরিদর্শনে যান কিশোরগঞ্জ-১ (হোসেনপুর সদর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মাজহারুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও দর্শনে অংশ নেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে। তিনি আরও বলেন,  ঐক্যবদ্ধ থাকলেই একটি শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পূজা মণ্ডপ পরিদর্শনে মাজহারুল ইসলামের উপস্থিতিকে এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থীদের জনসংযোগ কার্যক্রম জোরদার হয়েছে। ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রার্থীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন।