কুষ্টিয়া-০১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা উপজেলার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে আল্লার দর্গা বাজার থেকে জয়ভোগা মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়নই তাঁর অগ্রাধিকার। তিনি জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষি অর্থনীতিও শক্তিশালী হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, বিএনপি নেতা শফিউল ইসলাম মিন্টু লস্করসহ হোগলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এর আগে সকাল ১০টায় ১ নম্বর প্রাগপুর ইউনিয়নের নতুন বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলে স্থানীয়রা নানা ভোগান্তির মুখে পড়ছিলেন। সড়ক উন্নয়ন শেষে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রাগপুর ইউনিয়নের অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মো. আজমল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত পুলিশ সুপার গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে, দুটি সড়ক উন্নয়ন সম্পন্ন হলে দৌলতপুর উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় বাজার ব্যবস্থায় গতি আসবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।



