গণভোট প্রসঙ্গে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে ভুল ব্যাখ্যা বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিষয়টি সম্পূর্ণভাবে না বুঝেই এনসিপি নেতারা মন্তব্য করছেন এবং এ বিষয়ে যথাযথ জবাব জাতীয় সংসদে দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা পুরো বিষয়টি না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। তাঁদের বক্তব্যের জবাব আমরা জাতীয় সংসদেই দেব।”তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে যে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা চলছে, সেটিকে বিএনপি যথেষ্ট গুরুত্ব দেয় এবং দলটি এই সনদের আলোকে সামনের পথে এগোতে চায়। তাঁর ভাষায়, রাষ্ট্র পরিচালনায় শুধু আবেগ নয়, আইনের ভিত্তিতেও সিদ্ধান্ত নিতে হয়। তাই ইমোশন ও আইন—দুইয়ের সমন্বয় করেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। মোড়াগাছা–হাসিমপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়ার একমাত্র নির্বাচিত (কুষ্টিয়া-০১ আসনের) সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজে নানা সমস্যা দেখা দিচ্ছিল বলে স্থানীয়রা জানান।

সংশ্লিষ্টদের মতে, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী দ্রুত কাজ শেষ করার দাবি জানান। তাঁদের আশা, খালটি পুনরুদ্ধার হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা কমবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।