দেশব্যাপী জনস্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে আজ শনিবার (১৪ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান কেরাণীগঞ্জ উপজেলা চত্বরে ঝাড়ু হাতে নিয়ে এ অভিযানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, "আজ থেকে বাংলাদেশের সব উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রতিটি মহল্লায় একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং নাগরিক সুরক্ষার জন্য একটি বৃহত্তর সামাজিক আন্দোলন। আমাদের লক্ষ্য একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।"
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এখন থেকে প্রতি শনিবার এই কর্মসূচি নিয়মিতভাবে পালন করা হবে। তিনি বলেন, "প্রতিটি ইউনিয়ন পরিষদ, হেলথ কমপ্লেক্স এবং পাড়া-মহল্লার পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে যেন এই পরিচ্ছন্নতা কার্যক্রম ছড়িয়ে পড়ে। কেবল সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর মূল চাবিকাঠি।"
কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, নিয়মিতভাবে এই কর্মসূচি পালিত হলে সংক্রামক রোগবালাই এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। জনস্বার্থে এই ‘ক্লিন বাংলাদেশ’ অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঘোষণা দেওয়া হয়।
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু: নেতৃত্বে আমান উল্লাহ আমান



