রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১টা ৫৪ মিনিটে সংঘটিত এই কম্পন দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে টের পাওয়া গেছে। বিশেষ করে উপজেলার জামালচর ও রাইপাড়া এলাকায় কম্পনের তীব্রতা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে।
কম্পনটি প্রায় ৭ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় পাকা ভবন ও পাকা দালানগুলো কেঁপে ওঠে। এলাকার টিনের ঘরগুলোতে কম্পনের ফলে ‘টং টং’ শব্দ হতে থাকে, যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। জুমার নামাজের পর অনেক মানুষ যখন বাড়িতে বিশ্রামে ছিলেন বা দুপুরের খাবারে বসছিলেন, ঠিক সেই সময়েই ভূমি কেঁপে ওঠে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দোহারে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ঢাকার দোহারে ৭ সেকেন্ডের ভূমিকম্প, দালান ও টিনের ঘরে কম্পনে জনমনে আতঙ্ক



