কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সক্রিয় চক্রের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পুরাতন ফেরিঘাট এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎ এই অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি ট্রাক ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে বালুদস্যুরা দ্রুত এলাকা ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসন জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সরকারি বিধিনিষেধ অমান্য করে এবং কোনো বৈধ অনুমতি ছাড়াই পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী অঞ্চল ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও হুমকির মুখে রয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে নদীভাঙন বেড়ে যায়, যা তাদের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলে। তারা এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।



