শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হয়। একুশের প্রথম প্রহর থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুখরিত ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটির সূচনায় রূপগঞ্জ উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং একই সাথে উত্তোলন করা হয় শোকের প্রতীক কালো পতাকা। এছাড়া সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে রাজপথ প্রদক্ষিণ করেন সর্বস্তরের মানুষ। উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ জেলা), মোহাম্মদ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ (রূপগঞ্জ থানা), আলহাজ্ব গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি, হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি দিবসটি উপলক্ষ্যে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দাবা, কুইজ ও কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণে সমগ্র কর্মসূচিটি একটি সফল মিলনমেলায় পরিণত হয়।



