ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকা নিয়ে ‘রুহিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে এক ধাপ এগিয়ে গেল প্রশাসন। প্রস্তাবিত নতুন উপজেলার প্রশাসনিক ভবন ও অবকাঠামো নির্মাণের লক্ষে সম্ভাব্য স্থান পরিদর্শন ও জমির মাপ যোগের কাজ শুরু হয়েছে। শনিবার ১৪ই মার্চ ২০২৬ ইং দিনব্যাপী রুহিয়া ঠাকুরগাঁও রোড এর পাশ্বে ১ নং রুহিয়া ইউনিয়নের ১১ নং মধুপুর মৌজার ৮ নং ওয়ার্ড এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। রুহিয়াবাসী দীর্ঘদিন ধরেই রুহিয়া অঞ্চলের সাধারণ মানুষ একটি উপজেলার দাবি জানিয়ে আসছিলেন। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার আধিক্যের কারণে সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন এই জনপদের মানুষের দাপ্তরিক কাজের জন্য ঠাকুরগাঁও শহরে যাতায়াত বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। রুহিয়াকে উপজেলায় উন্নীত করা হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। পরিদর্শনকালে কর্মকর্তারা উপজেলার জন্য নির্ধারিত প্রস্তাবিত জমির সীমানা নির্ধারণ এবং নকশা প্রণয়নের প্রাথমিক কাজ সম্পন্ন করেন। বিশেষ করে প্রশাসনিক কেন্দ্র, থানা ভবন এবং অন্যান্য সরকারি দপ্তরের জন্য উপযুক্ত স্থান বাছাইয়ের ক্ষেত্রে যাতায়াত সুবিধা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।স্থান পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে রুহিয়া এলাকার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রুহিয়া উপজেলা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পিছিয়ে পড়া এই জনপদ একটি আধুনিক শহরে রূপান্তরিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুব দ্রুতই একটি বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই রুহিয়া উপজেলা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।