চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য বিক্রয় কার্যক্রমে দুর্গন্ধযুক্ত চিনি সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নে দুইজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। অন্যান্য পণ্য মানসম্মত থাকলেও বিতরণকৃত চিনির বস্তা খুলতেই তীব্র দুর্গন্ধ বের হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক কার্ডধারী ভোক্তা। দুর্গন্ধের কারণে অনেকেই চিনি নিতে অনীহা প্রকাশ করলে তা জোরপূর্বক দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।
কয়েকজন ভোক্তার দাবি, চিনি নিতে অস্বীকৃতি জানালে টিসিবির কার্ড বাতিলের হুমকি দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই নিম্নমানের চিনি গ্রহণ করছেন।
এ বিষয়ে টিসিবির পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স নাকিব ইন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “সরকারি বরাদ্দ হিসেবে যে চিনি পেয়েছি, সেটিই বিক্রি করতে হচ্ছে। আমাদের কাছে অন্য কোনো চিনি নেই।” তবে একই এলাকায় অপর এক ডিলারের মাধ্যমে তুলনামূলক ভালো মানের চিনি বিক্রি হচ্ছে বলে স্থানীয়রা জানান।
অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
পবিত্র রমজান মাসে নিম্নমানের চিনি বিক্রির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ভোক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধ যুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ উঠেছে



