আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
পূর্ববর্তী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত ও অকার্যকর হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ঠাকুরগাঁওয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন সকালে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় অবস্থিত 'ঠাকুরগাঁও হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং'-এর নবনির্মিত বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবিতে দেখা যায়, উদ্বোধনের সময় স্থানীয় আলেম-ওলামা, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে মাদ্রাসা, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামফলকের তথ্য অনুযায়ী, ৯ই রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম এবং দেখেছি যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে চরমভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। এর ফলে রাষ্ট্রের স্বাভাবিক কাঠামো ভেঙে পড়েছিল।"
নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, "নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুনর্গঠন করা। সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশে সুশাসনের একটি শক্ত কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।"



