চীফ রিপোর্টার,আজিজুল হক  ঢাকা: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং জনগণের প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বনানীস্থ একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার দিনেশ কুমার থাপালিয়া। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং তা আঞ্চলিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। বিশেষ অতিথির বক্তব্যে মালদ্বীপের নির্বাচন কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ আকরাম বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারলেই জনগণের আস্থা ফিরবে। ঢাকায় নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল বলেন, অবাধ নির্বাচন নিশ্চিত করতে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেতে হবে। নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোহাম্মদ ইলিয়াস বলেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদার ও সংযত ভূমিকা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদ্য নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হোসেন, পরিচালক ইকবাল হোসেন ও কর্মকর্তা মেজর জাহিদ (অব.)। অনুষ্ঠানে দেশি-বিদেশি নির্বাচন বিশেষজ্ঞ, বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।