আগামীকাল কুষ্টিয়ায় জামায়াতের বড় সমাবেশ, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নজর কাড়ছে প্রস্তুতি।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে কুষ্টিয়ায় আগামীকাল (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বৃহৎ নির্বাচনী জনসভা। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জনসভাকে ঘিরে কুষ্টিয়া শহরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে, স্টেডিয়াম এলাকায় শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে।
দলীয় নেতাদের ভাষ্য, দীর্ঘ সময় পর এত বড় পরিসরে জনসভা আয়োজন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, কুষ্টিয়ার এই সমাবেশ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক মাঠে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল কাজ করবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কুষ্টিয়ার কর্মসূচি শেষে জামায়াত আমীর পর্যায়ক্রমে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জনসভায় অংশ নেবেন।



