নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় রাস্তার পাশে বাবার ফেলে যাওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) আর নেই। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে, মৃত মোর্শেদের চার বছর বয়সী বড় বোন আয়েশাও বর্তমানে অসুস্থ। সে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে। বর্তমানে সে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। প্রসঙ্গগত, সম্প্রতি আনোয়ারায় রাস্তার পাশে এই দুই অবুঝ শিশুকে ফেলে পালিয়ে যান তাদের বাবা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় এবং অনেকেই শিশুদের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছোট ভাইটিকে বাঁচানো গেল না।