ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ: চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

ডেস্ক রিপোর্ট
বার্ধক্যজনিত একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন তথ্য সংশ্লিষ্ট ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কলকাতার নিউ টাউনের নিজ বাসভবনেই অবস্থান করছিলেন এবং সেখানে অক্সিজেন সাপোর্ট নেওয়া হচ্ছিল বলেও সূত্রের দাবি।
সূত্র জানায়, গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই সময় তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন; তবে সামগ্রিক অবস্থা এখনো সংকটাপন্ন হিসেবে বিবেচিত হচ্ছে। তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ফলে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত তথ্য জানতে অপেক্ষা করতে হচ্ছে কর্তৃপক্ষের বক্তব্যের।
রাজনৈতিক অঙ্গনে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।



