কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি, সিজান সরকার।
কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে জাহাজটি সেন্টমার্টিনে পর্যটক পরিবহনের উদ্দেশ্যে ঘাটে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা তদারকির জন্য প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সে সময়ই অনাকাঙ্ক্ষিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি। তবে আগুনে জাহাজটি প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। “ভাগ্যক্রমে যাত্রী ওঠার আগেই এ ঘটনা ঘটে। যাত্রী বোঝাই অবস্থায় মাঝসমুদ্রে আগুন লাগলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল,”—বলেন তিনি।
এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



