রেদওয়ান, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ভোলা। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জলিল বেপারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের কমপক্ষে ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে বাজারের এক পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান গ্রাস করে নেয়। বাজারের বেশিরভাগ দোকান টিন ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করলেও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা কাপড়, মুদি সামগ্রী, নগদ অর্থসহ আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে।