করিমগঞ্জ প্রতিনিধি, সোমবার দিবাগত রাত আনুমানিক ভোর চারটার দিকে করিমগঞ্জ পৌরসভার ৭-৮_৯ ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপির জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী বেদনা আক্তারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী বাড়ির আঙিনায় আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা একটি অটো গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এবং চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে এলাকাবাসীর চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন বাকি থাকায় এই অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা এর সঙ্গে জড়িত—তা নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গভীর রাতেই বিএনপির করিমগঞ্জ পৌর সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেলসহ একদল নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।