বিশেষ প্রতিনিধি, করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে এক নারীকে আটক করা হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করলে তার বহন করা ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। আটক নারী আমেনা খাতুন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের বাসিন্দা এবং রুহুল আমিনের স্ত্রী। এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার যুব সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।