ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রবিবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানান। সমাবেশে বক্তারা বলেন, নারীদের প্রতি অবজ্ঞা ও অবমাননা জামায়াতে ইসলামীর রাজনীতির পুরনো ও চেনা রূপ। দেশের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নযাত্রায় নারীদের অবদানকে খাটো করে দেখার এই মানসিকতা কেবল নারীবিরোধীই নয়, বরং আধুনিক রাষ্ট্রচিন্তার সম্পূর্ণ বিপরীত। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, “কর্মজীবী নারীদের চরিত্রহনন কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, এটি একটি রাজনৈতিক দর্শনের প্রতিফলন। এই ধৃষ্টতার জন্য সংশ্লিষ্ট দলকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।” তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে নারীদের সামাজিকভাবে কোণঠাসা করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। সমাবেশে শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, “স্বাধীনতার পর থেকে এই দলটি গঠনমূলক রাজনীতির বদলে ষড়যন্ত্র, দ্বিচারিতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানকেই লালন করে এসেছে।” তিনি জামায়াতের বর্তমান রাজনৈতিক তৎপরতা ও সাংগঠনিক কাঠামোকে রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে বলেন, এটি একটি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ, যা নারী-স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে ভয় পায়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঝাড়ু হাতে মিছিল বের করেন। মিছিল থেকে নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং জামায়াতে ইসলামীর রাজনীতি বর্জনের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নারীদের সম্মান ও অধিকার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করার অপচেষ্টা প্রতিরোধ করা হবে।