তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আসন্ন ত্রিয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় আসন ৭৫ কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দিনভর দৌলতপুর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রভাবশালী নেতা মোঃ শামীম রেজা (মোল্লা)। ধানের শীষের প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সমর্থনে তার এই প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এদিন শামীম রেজা (মোল্লা) সশরীরে উপস্থিত হন মরিয়ম সিমেন্ট শীট এবং মরিয়ম প্লাইউড কারখানায়। সেখানে তিনি কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। মতবিনিময় সভায় তিনি বলেন, "১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট নয়, এটি জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াই।" তিনি উপস্থিত সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রচারণার সময় শামীম রেজা বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির ওপর বিশেষ আলোকপাত করেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন যে, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে ।তিনি কৃষক কার্ড কথা উল্লেখ করে বলেন প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা পাবেন এবং সার-বীজের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ,এছাড়া ও ফ্যামেলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্যের আকাশচুম্বী দামের চাপ কমাতে স্বল্প ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।তিনি আরও জোর দিয়ে বলেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে এই ৩১ দফার বাস্তবায়ন এখন সময়ের দাবি।এই গণসংযোগে শামীম রেজার পাশে ছায়ার মতো ছিলেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফ খন্দকার। এছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় একঝাঁক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নিয়ে পরিবেশকে মুখরিত করে তোলেন।নেতাকর্মীরা জানান, কুষ্টিয়া-১ আসনটি ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তারা আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়লাভ করতে বদ্ধপরিকর।