কিশোরগঞ্জের ৬ আসনের মধ্যে ৫টিতে ধানের শীষের জয় বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, এইচ এম তানভীর আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, জেলার ৫টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অধিকাংশ আসনেই বিজয়ীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম জয়লাভ করেছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনেও ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী শরীফুল আলম জয় নিশ্চিত করেছেন।
তবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ধানের শীষের প্রার্থী পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বিজয়ী হয়েছেন।
জেলা জুড়ে ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের স্পষ্ট আধিপত্য লক্ষ্য করা গেছে। বিভিন্ন কেন্দ্রে তাদের বিপুল ভোটের ব্যবধান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত।
উল্লেখ্য, এগুলো বেসরকারি ফলাফল; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।



