সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোঃ নাজমুজ্জামান।   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আজ সন্ধ্যায় কিশোরগঞ্জ সদরের সগড়া বিশ্ব রোড এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির তিন হেভিওয়েট নেতার উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।   জনসভার প্রধান আকর্ষণ ছিল কিশোরগঞ্জ জেলা বিএনপির ৩ বারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাজহারুল ইসলাম। তাঁর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাজী ইস্রাফিল। স্থানীয় রাজনীতিতে এই তিন হেভিওয়েট নেতার একসাথে উপস্থিতি দলটির অভ্যন্তরীণ ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সাধারণ ভোটাররা।   বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যা নাগাদ সগড়া বিশ্ব রোড এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।   সভায় বক্তারা আসন্ন ১২ই ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনে মাজহারুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, কিশোরগঞ্জ-১ আসনের উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "জনগণের এই বিশাল উপস্থিতিই প্রমাণ করে তারা পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত।" উক্ত জনসভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।