সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোহাম্মদ নাজমুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন মাকসুদা আক্তার (৩০) নামের এক বিধবা নারী। গত ১৬ দিন ধরে তার কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ মাকসুদা আক্তার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ভিটা পাড়ার লাল মিয়া ভূঁইয়ার বোন এবং দুই সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে কটিয়াদী উপজেলার গচিহাটা পশ্চিম পুরুড়া গ্রামের প্রয়াত স্বামীর বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন মাকসুদা। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার আরও জানায়, প্রায় ৮ বছর আগে মাকসুদা আক্তারের স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ মাকসুদার মাদরাসা পড়ুয়া দুটি ছেলে সন্তান রয়েছে। বাবাকে হারানোর পর এবার মাকেও হারিয়ে শিশু দুটির ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মাকে ফিরে পেতে তারা ব্যাকুল হয়ে আছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায়, কোনো সহৃদয়বান ব্যক্তি মাকসুদা আক্তারের সন্ধান পেলে তার বড় বোন সালমা আক্তারের মুঠোফোনে (01798670371) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।