সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোঃ নাজমুজ্জামান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে সমমনা ১১টি রাজনৈতিক দল। দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য নির্ধারণ করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসনে ১১ দলের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী। তিনি দলের নির্বাচনী প্রতীক ‘রিকশা’ নিয়ে নির্বাচনে লড়বেন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক সমীকরণের পর কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনটিতে মুফতি হেদায়েতুল্লাহ হাদীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় জোটের শীর্ষ নেতারা। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জোটবদ্ধভাবে নির্বাচনের এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে সহায়ক হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম শুরু হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।