মোহাম্মদ আতিকুল হক, স্টাফ রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) থেকে ১১ দলীয় ঐক্যজোটের একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মুফতি হেদায়াতুল্লাহ হাদি। তিনি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে আজ বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক কিশোরগঞ্জ সফরে আসেন। সফরকালে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, কিশোরগঞ্জ-১ আসনে রিকশা প্রতীকই ১১ দলীয় ঐক্যজোটের একমাত্র অনুমোদিত প্রতীক এবং মুফতি হেদায়াতুল্লাহ হাদি সাহেবই জোটের একমাত্র প্রার্থী। সমাবেশে আল্লামা মামুনুল হক মুফতি হেদায়াতুল্লাহ হাদি সাহেবের হাতে প্রতীক হিসেবে রিকশা তুলে দেন। তিনি জানান, এই আসনে ১১ দলীয় শরিক জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত সকল দল রিকশা প্রতীক ও প্রার্থীকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, এ ঘোষণা কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে জোটের ঐক্য ও নির্বাচনী সমন্বয় আরও সুস্পষ্ট হলো বলে তারা মনে করছেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা রিকশা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।